তানভীর আহাম্মেদ, রিপোর্টার: ‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সঞ্চালনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আহমেদ শাহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক ও দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আসাদুজ্জামান বাবু, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল আহাদ এবং বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম।
বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে একটি সুন্দর ও সভ্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










