লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, ঠিক তখনই ম্যাচ আয়োজন নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ, আবাসন ও অনুশীলন সুবিধা নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোরে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার কথা রয়েছে লিওনেল মেসির। ৩৯ বছর বয়সী এই তারকা এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে আর্জেন্টিনার হয়ে তাঁর সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে দেশটির সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ তৈরি হয়েছে।
তবে মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিন দলের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। বেনিনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার দলটি দীর্ঘ প্রায় ২৫ ঘণ্টার ভ্রমণ শেষে আর্জেন্টিনায় পৌঁছায়। দীর্ঘ যাত্রার ধকলের মধ্যে দলের ভিডিও বিশ্লেষক কয়েক মিনিটের জন্য জ্ঞান হারান বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আর্জেন্টিনায় পৌঁছানোর পরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় বেনিন দলকে। দলের হোটেলের একটি তলায় পর্যাপ্ত গরম পানির ব্যবস্থা ছিল না বলে অভিযোগ ওঠে। অনুশীলনের জন্য নির্ধারিত জিমেও পেশাদার প্রস্তুতির উপযোগী পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। এমনকি সনাও কাজ করছিল না বলে জানা গেছে।
এ ছাড়া বেনিন দলকে কৃত্রিম টার্ফের মাঠে অনুশীলন করতে হয়েছে। ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে দলের তিন খেলোয়াড়—জুনিয়র ওলাইটান, চার্লেমেন আজোংনিতোদে ও সাইদ এনগোবি—সময়সীমার মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
বেনিনের এসব সমস্যার খবর প্রকাশ্যে আসার পর আর্জেন্টিনার ম্যাচ আয়োজন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এর কয়েক দিন আগেই বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ ঘিরেও একই ধরনের লজিস্টিক জটিলতার খবর সামনে এসেছিল।
বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিলেন। ভ্রমণ ব্যবস্থাপনার কারণে দলটি পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ম্যাচে ৭-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। এরপর ম্যাচ আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও সমালোচনা হয়।
তবে বেনিনের ক্ষেত্রে পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গরম পানির সমস্যার সমাধান করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জামও পৌঁছে দেওয়া হয়েছে। দলটি অনুশীলন শুরু করেছে এবং বেনিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জটিলতা কাটিয়ে এখন প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে।
তারপরও মেসির বিদায়ী ম্যাচের আগে পরপর দুই আফ্রিকান দলের ভ্রমণ ও প্রস্তুতি নিয়ে এমন পরিস্থিতি আর্জেন্টিনার আয়োজন নিয়ে অস্বস্তি তৈরি করেছে। একদিকে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহ, অন্যদিকে ম্যাচের আগে আয়োজনে নানা সমস্যা—দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মাঠে মেসির বিদায়ী মুহূর্তটি স্মরণীয় করে রাখতে যখন আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে, তখন মাঠের বাইরের এই বিতর্ক ম্যাচটির আবহে নতুন মাত্রা যোগ করেছে।










