কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রবেশ করলে সেগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজ মোকাবিলায় তাঁদের বাহিনী প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সম্প্রচারমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
আলি আজমায়ি বলেন, হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির অপেক্ষায় রয়েছে ইরানের বাহিনী, যাতে সেগুলোকে ডুবিয়ে দেওয়া যায়। তাঁর দাবি, কৌশলগত এই জলপথের কাছে অবস্থান নিতে মার্কিন যুদ্ধজাহাজগুলো সাহস পাচ্ছে না। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি বিমানবাহী রণতরি প্রণালি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
ইরানি এই কমান্ডার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ এবং এর নিয়ন্ত্রণ কার হাতে, তা দেখতে চাইলে মার্কিন বাহিনীকে সরাসরি সেখানে আসতে হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবিকে প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের হাতে রয়েছে। ইরানি কমান্ডারের বক্তব্যের বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।
সেন্টকম আরও দাবি করেছে, সোমবার মার্কিন বাহিনী উপসাগরীয় অংশীদারদের ১ কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহনে সহায়তা করেছে। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।












