তানভীর আহাম্মেদের তথ্যচিত্রে:দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি (TSP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে অবৈধ মজুতের দায়ে সংশ্লিষ্ট গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর ব্লকের একটি চাতাল সংলগ্ন গুদামে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রনপাড়া-মাহানপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন ধান-চাল মজুতের কথা বলে গুদামটি ভাড়া নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডিলারশিপ বা কোনো বৈধ অনুমতি ছাড়াই সেখানে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুদামটি সিলগালা ও ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।অভিযান শেষে ইউএনও সুমা খাতুন জানান, জব্দকৃত টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সরাসরি স্থানীয় কৃষকদের কাছে খোলাবাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সার বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে মাহানপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা দিলীপ কুমার রায়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষি উপকরণের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের মাধ্যমে কৃষকদের হয়রানি করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।












