সোনারগাঁও (নারায়ণগঞ্জ) নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকে বাড়ির মালিক শাহ আলম মিয়া মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যান।
দগ্ধরা হলেন শাহ আলম মিয়ার ভাড়াটিয়া শরীফ হোসেন (৩৪), স্ত্রী রোজিনা আক্তার (৩০), শ্যালক রিয়াজ হোসেন (২২), বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া (১৯)। তাদের মধ্যে রোজিনা আক্তারের শরীরের ৬০ শতাংশ, শরিফ মিয়া ও রিয়াজ হোসেনের ৪০ শতাংশ ও রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ শরীফ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। রিয়াজ কিশোরগঞ্জের নিকলী উপজেলার কালামপুর এলাকার বসু মিয়ার ছেলে ও রনি মিয়া ওই বাড়ির তত্ত্বাবধায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে রাত দেড়টার দিকে বিকট শব্দে বিষ্ফোরণ হয়। পরে তারা কান্নার শব্দ পেয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। তাদের দাবি, ঘরে গ্যাস ঘরে জমে আগুনের স্পর্শে বিষ্ফোরণ হয়। বিষ্ফোরনে ৪ জন দগ্ধ হয়।
প্রতিবেশী লতিফা বেগম জানান, রাতের বিকট শব্দ ও কান্নার শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। বিষ্ফোরণের সময় পুরো ভবন কেঁপে উঠে। পরে তারাসহ এলাকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। ঘরে গ্যাসের গতি বাড়ানোর লাইনের বিষ্ফোরণ থেকে তাদের শরীরে আগুন ধরে যায়। এসময় ৪ জনের শরীর পুড়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
রোববার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। দগ্ধদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গ্যাসের গতি বাড়ানোর জন্য বিদ্যুৎ লাইন থেকে কম্পোসার সংযোগ দেয়। গ্যাসের গতি বৃদ্ধির যন্ত্রের লাইনে বিস্ফোরন ঘটে আগুন ছড়িয়ে পড়ে । এতে চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, কাঁচপুর গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ৪ জন দগ্ধকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।












