পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের বিষয়ও উঠে আসে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে হুমায়ুন কবির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।
এর আগে সোমবার পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির এর আগে বলেছিলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, সরাসরি যোগাযোগ ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে নতুন ইতিবাচক দিকে নিতে চায়।










