ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোটনের বয়স হয়েছিল ৪৮ বছর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় ধরে তিনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে পরিচিতি পাওয়া রোটন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। চট্টগ্রামের রাউজানের বাসিন্দা রোটন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এ ছাড়া দলের অন্য নেতারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোটনের মরদেহ ঢাকায় আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রোববার সকালে মরদেহ ঢাকায় নেওয়ার কথা রয়েছে।












