কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাঁদের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীরা বলেন, অপ্রতীমের মতো একটি শিশুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।
এর আগে রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতীমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে সকাল ১১টায় গন্ধমতি এলাকায় অপ্রতীমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন সম্পন্ন হওয়ার পরপরই অপ্রতীম হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। তাঁরা দ্রুত হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে যাবেন।












