ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়। নবগঠিত অন্য দুটি কমিটি হলো সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত কাজ ও দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।
এই কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।
অন্যদিকে, নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পিটিশন কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।
সোমবারের চারটি কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা ৪০টিতে দাঁড়িয়েছে বলে ইউএনবি জানিয়েছে।

Leave a Reply