অজ্ঞাত একটি ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে তল্লাশি ও নজরদারি বাড়িয়েছেন।
নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে তল্লাশি শেষে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা গতিবিধি নজরে এলে তাৎক্ষণিকভাবে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটের দিকে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠানো হয়। ওই বার্তায় মঙ্গলবার বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
হুমকির ই-মেইল পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মঙ্গলবার নির্ধারিত সময়কে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।
তবে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ঘটনার সত্যতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।










