তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে সদরের ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আস্করপুর ইউনিয়নের সরস্বতীপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দা মোঃ আফছার আলী (৪৯)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত আফছার আলী।
এ ঘটনায় পরিদর্শক মোঃ আব্দুর রহমান বাদী হয়ে পলাতক আসামি আফছার আলীকে অভিযুক্ত করে দিনাজপুর কতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ আভিযানিক কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।












