স্ত্রী বিয়োগ ও দীর্ঘ আইনি জটিলতার ধাক্কা সামলে প্রায় সাত মাস পর আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের ছবি প্রকাশ করে অভিনয়ে ফেরার খবর জানিয়েছেন তিনি।
ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করে আলভী লিখেছেন, ‘ক্যামেরা—স্বাগতম তোমার রাজ্যে!’ দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তনে ভক্ত ও সহকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা গেছে, নির্মাতা সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে নতুন করে শুটিং শুরু করেছেন আলভী। নাটকটিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শিবা শানু। দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরা উপলক্ষে সেটের সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কেক কেটে প্রত্যাবর্তন উদ্যাপন করেন তিনি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যক্তিগত জীবনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েন এই অভিনেতা। একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থানকালে দেশে তাঁর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যুর খবর পান তিনি। পরবর্তী সময়ে ইকরার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন আলভী।
এ ঘটনায় তাঁকে আইনি লড়াইয়ের পাশাপাশি পুলিশি রিমান্ড ও কারাবাসের মুখোমুখি হতে হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পান তিনি।
জামিনে মুক্তির পর ব্যক্তিগত জীবনের কঠিন সময় সামলে উঠতে কিছুটা বিরতি নেন আলভী। অবশেষে ‘বাবার মর্যাদা’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরলেন তিনি। নতুন এই কাজের মধ্য দিয়ে আবারও নিয়মিতভাবে অভিনয় চালিয়ে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ছোটপর্দার এই অভিনেতা।












