রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া থেকে কুষ্টিয়া রুটে চলাচলকারী ‘মা ক্লাসিক পরিবহন’-এর বাসটি রাতে টার্মিনালে পার্কিং করে রাখা ছিল। হঠাৎ মধ্যরাতে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন।
পরে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাসটির বড় একটি অংশ পুড়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের আসন ও ডেকোরেশন সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসের যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসটিতে আগুন দিয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।












