কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। এ সময় পূর্বশত্রুতার জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় হত্যাকাণ্ডের দুই দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের অক্টোবরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সাহেব আলীর পরিবারের সদস্যরা।












