শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো—ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।
নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফেরার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এতে কর্মকর্তা-কর্মচারীদের জীবনের নিরাপত্তা এবং কারখানার সম্পদ ঝুঁকির মুখে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বিভাগ ছাড়া কারখানাগুলোর অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।












