অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অসুস্থ হয়ে পড়া খুলনার কয়রা উপজেলার বামিয়া শ্রীফলতলার দুলিপা পারভীন ও তার শিশু সন্তান হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসহায়ত্বের ভিডিও নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগ নেন।
শনিবার রাতে ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর মাধ্যমে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীকে মা ও শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে দুলিপা পারভীন ও তার শিশু সন্তান হোসাইনকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বাসসকে জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে প্রতিনিধি পাঠিয়ে পরিবারটির তথ্য সংগ্রহ করা হয়। পরে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। জেডআরএফের সদস্য ডা. এম আর হাসান এবং কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজিবের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।
তিনি জানান, মা ও শিশুর দ্রুত সুস্থতার জন্য প্রয়োজন হলে মেডিকেল বোর্ড গঠন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতাও অব্যাহত রাখার কথা জানান তিনি। বর্তমানে দুজনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুলিপার স্বামী হারুন সানা বাসসকে বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকায় স্ত্রী ও সন্তানকে প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার এবং নিয়মিত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। শারীরিক নানা জটিলতার পাশাপাশি চিকিৎসার খরচ বহন করাও তাদের পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। ডা. জুবাইদা রহমানের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শুরু হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজিব জানান, দুলিপা পারভীন পুষ্টিহীনতার কারণে দুর্বল হয়ে পড়েছেন। তার যৌনাঙ্গের বাইরে একটি ফোঁড়া হয়েছিল, যা বর্তমানে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। শারীরিক পুষ্টি বাড়াতে তাকে মাল্টিভিটামিন স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
অন্যদিকে শিশু হোসাইনের চিকেন পক্স হয়েছে এবং শরীর ও মুখে এর কিছু উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে এগুলো সেরে যাওয়ার কথা। শিশুটিকে হাসপাতাল থেকে বিশেষ পুষ্টিকর দুধও দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ পর্যন্ত মা ও শিশু দুজনই স্বাভাবিক অবস্থায় রয়েছে।
অসহায় পরিবারের চিকিৎসার আকুতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দুলিপা পারভীন ও তার শিশু সন্তান। চিকিৎসার মাধ্যমে তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।










