আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা, অপতৎপরতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ উপলক্ষে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের অপতৎপরতা দেশে বরদাশত করা হবে না।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে যেকোনো ধরনের অপচেষ্টা বা নাশকতামূলক কর্মকাণ্ড রুখে দিতে গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রাজধানীবাসীর নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে মো. শফিকুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষের পাশাপাশি ঢাকার বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ ও প্রস্তুত রয়েছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান। তিনি বলেন, নিষিদ্ধ দলের যেকোনো তৎপরতা নস্যাৎ করতে আইনানুগ কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ জন্য নিয়মিত গ্রেপ্তার অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংবাদ ব্রিফিংয়ে উল্লেখ করেন ডিবিপ্রধান।












