বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশে জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণ, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলাকে সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ ও অর্জনের ইতিহাস হিসেবে উল্লেখ করেন।
বাণীতে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। তারেক রহমান বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেওয়া হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলটির প্রতিষ্ঠার সঙ্গে বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে বিএনপি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিশেষ বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভা, র্যালি, দোয়া ও অন্যান্য কর্মসূচি পালিত হচ্ছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরছেন।












