তানভীর আহাম্মেদ, রিপোর্টার: মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করতে দিনাজপুর জেলা পুলিশের ৩১ জন পুলিশ সদস্যের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্নপূরণের পথে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে উৎসাহ ও সহায়তা জোগানোর পাশাপাশি পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।












