যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্মাম ও রিয়াদগামী স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
এদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়িয়েছে বিমান। আগে এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করলেও এখন এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে।
একই সঙ্গে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীরা নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন।
সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকল্প রুটে যাতায়াতের সুযোগ বাড়ানোর অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।












