পূজার উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ডিও প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন—এটাই সরকারের প্রত্যাশা। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকারে না থাকলেও পূজার উৎসব সবার জন্য আনন্দময় করতে চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।












