জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবারের মতো মঞ্চনাটকে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তমালিকা কর্মকার ও সাঈদ বাবু। স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের রচনা ও জান্নাতুল টুম্পার নির্দেশনায় সূচনা থিয়েটারের বহুল আলোচিত নাটক ‘অমানুষ’-এর নতুন প্রদর্শনীতে দেখা যাবে তাদের।
আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি সেন্টারে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে নাটকটির চতুর্থ প্রদর্শনী। এর আগে নিউ জার্সিতে দুটি এবং নিউইয়র্কে একটি প্রদর্শনীতে ‘অমানুষ’-এর নির্দিষ্ট চরিত্রে অভিনয় করেছিলেন মিতালী দাস ও হীরা চৌধুরী। এবার সেই চরিত্রগুলোতেই নতুনভাবে দর্শকের সামনে হাজির হবেন তমালিকা কর্মকার ও সাঈদ বাবু।
‘অমানুষ’ নাটকের গল্পের কেন্দ্রে রয়েছেন একজন আদর্শবাদী শিক্ষক। একটি শিক্ষিত, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু বাস্তব জীবনের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থা এবং সামাজিক চাপ ধীরে ধীরে তাঁর সেই স্বপ্নকে ভেঙে দিতে থাকে। একপর্যায়ে হতাশা ও মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে পড়েন তিনি এবং পরিস্থিতির চাপে মানসিক ভারসাম্য হারিয়ে চরম সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে থাকেন।
নাটকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র তাঁর স্ত্রী। স্বামীর হতাশা ও ভেঙে পড়ার মুহূর্তে তিনি তাঁকে বোঝানোর চেষ্টা করেন—জীবনের প্রতিকূলতার কাছে স্বপ্নকে বিসর্জন দেওয়া নয়, বরং সেই স্বপ্ন আঁকড়ে ধরে রাখার মধ্যেই রয়েছে মানুষের প্রকৃত শক্তি। ব্যক্তিগত সংকটের পাশাপাশি নাটকটি সমাজব্যবস্থার নানা অসঙ্গতি এবং মানুষের মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ও তুলে ধরে।
নাটকের কাহিনি দর্শকদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও ছুড়ে দেয়—আমরা কি সত্যিই মানুষ হয়ে থাকতে পারছি, নাকি সমাজের নানা চাপ, অনিয়ম ও বাস্তবতার কাছে ধীরে ধীরে ‘অমানুষ’ হয়ে উঠছি?
‘অমানুষ’ নাটকটি নির্দেশনার মধ্য দিয়ে প্রথমবারের মতো মঞ্চনাটক নির্দেশনায় আসেন জান্নাতুল টুম্পা। প্রায় দুই দশক ধরে নাট্যপ্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও শুরুতে তাঁর মঞ্চনাটক নির্দেশনার পরিকল্পনা ছিল না। নাট্যকার মামুনুর রশীদের আগ্রহ ও উৎসাহেই তিনি নাটকটির নির্দেশনার দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৪ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ ব্রান্সউইকে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম আসরে দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে ‘অমানুষ’-এর যাত্রা শুরু হয়। উৎসবটির আয়োজক ছিল এপিক—এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি এবং সহ-আয়োজক ছিল কোল্যাব আর্টস। এরপর নিউইয়র্কে নাটকটির তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় চতুর্থ প্রদর্শনীতে তমালিকা কর্মকার ও সাঈদ বাবুর অভিনয় নাটকটিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে জান্নাতুল টুম্পার নির্দেশনায় দুই অভিনয়শিল্পীর প্রথম মঞ্চাভিনয় হওয়ায় প্রবাসী বাঙালি দর্শকদের মধ্যেও নাটকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।












