পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি বা হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে ধর্মমন্ত্রী মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারাকে বিশ্ব মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে উল্লেখ করে সেখানে হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় মুসলমানরা জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে কোনো আগ্রাসন বা ষড়যন্ত্রের চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। একই সঙ্গে বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন ধর্মমন্ত্রী।












