রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে এর সামঞ্জস্য নেই।
আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
এ সময় আরএনবি সদস্যদের পরিহিত রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত সংশ্লিষ্টদের আনসার সদস্য মনে করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন, ওই ব্যক্তিরা আনসার সদস্য নন; তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফলে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আনসার বাহিনী।
বাহিনীটি আরও জানায়, প্রকৃত তথ্য যাচাই না করে ঘটনাটিতে আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এর ফলে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি ইতোমধ্যে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে বাহিনীটি।












