ইউটিউবে চলচ্চিত্রের বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব এবার বড় পর্দার চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর গল্প লিখছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিজের ইউটিউব চ্যানেল ‘আরএনএআর’-এর মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন রাকিব। দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি সিনেমার গল্প, নির্মাণশৈলী ও নানা খুঁটিনাটি নিয়ে বিশ্লেষণ করে আসছেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাসরি চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য রচনায় যুক্ত হচ্ছেন।
চিত্রনাট্যকার হিসেবে নতুন যাত্রা শুরু করতে পেরে নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রাকিব। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফও তাঁর পোস্টে বিষয়টি তুলে ধরেছেন। চলচ্চিত্রকে দীর্ঘদিন বিশ্লেষণের চোখে দেখার পর এবার সেই ভালোবাসাকে গল্পের পাতায় তুলে ধরছেন রাকিব—এমনটাই জানিয়েছেন নির্মাতা।
খবরটি প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চলচ্চিত্র নিয়ে নিয়মিত বিশ্লেষণ করা একজন কনটেন্ট ক্রিয়েটর শাকিব খানের মতো জনপ্রিয় তারকাকে কেন্দ্র করে কেমন গল্প তৈরি করেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ছে।
‘মহব্বত’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। এর আগে শাকিব খান, হিমেল আশরাফ ও ভার্সেটাইল মিডিয়ার যৌথ উদ্যোগে নির্মিত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা দুটি দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। ফলে নতুন সিনেমা ‘মহব্বত’ দিয়েও এই দল সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা চলছে।
এদিকে ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্প্রতি সিনেমাটিতে পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়ালেও নির্মাতারা তা নাকচ করেছেন। কেন্দ্রীয় নারী চরিত্রের অভিনেত্রী সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার জন্য দর্শকদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাকিবের চিত্রনাট্যকার হিসেবে অভিষেক, শাকিব খানের উপস্থিতি এবং ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর নির্মাণ-প্রযোজনা দলের পুনর্মিলন—সব মিলিয়ে ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।












