সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্ডারপাস নয় – সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের আন্ডারপাস বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে কয়েক গ্রামের শত শত মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত হয়ে সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনি সহ-সভাপতি সেলিম সরকার , সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি সাদেক হাজি, বিএনপি নেতা মো: কাওছারসহ জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দসহ নয়াপুর বাজারের আশেপাশের কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ।
মানববন্ধনে অংশ নিয়ে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন বলেন,সমগ্র বাংলাদেশে সোনারগাঁও উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত উপজেলা। এই উপজেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে মদনপুর টু গাউছিয়া মহাসড়ক। আজকে যেখানে মানববন্ধন হচ্ছে এই নয়াপুর বাজারও ঐতিহাসিক বাজার। সোনারগাঁও উপজেলার উত্তর অঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। এখানে যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সেটি একেবারেই অনুপুযুক্ত। তাই সোনারগাঁওয়ের গণমানুষের দাবি এখানে আন্ডারপাস বাদ দিয়ে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হোক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানকে অনুরোধ করে বলেন, গণমানুষের দাবি বাস্তবায়নে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ বলেন, বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সকল স্থাপনা মানুষের জন্য। এই সকল স্থাপনা যদি মানুষের কাজে না আসে তাহলে সেই স্থাপনা রাস্তাঘাটের কোন মূল্য নেই। এত বড় বিশাল অঞ্চলের জন্য ছোট একটি আন্ডারপাস যথেষ্ট নয়। তাই এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করুন।












