মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া এ অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার ১৮টি থানার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ থাকা এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের পরিচয় ও অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।












