দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মুনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি দুজনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে শেহতাজ মুনিরা জানান, প্রীতম হাসান ও তিনি পারস্পরিক সম্মতি এবং ভালো বোঝাপড়ার মাধ্যমে তাদের ১০ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
শেহতাজ বলেন, একসঙ্গে কাটানো দীর্ঘ সময় ও জমে থাকা স্মৃতিগুলোর জন্য তারা দুজনই কৃতজ্ঞ। এখনো একে অপরের প্রতি তাদের যত্ন ও সম্মান রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতির কারণে আলাদা থাকাই দুজনের জন্য ভালো হবে।
বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তেই নেওয়া হয়েছে বলেও জানান শেহতাজ। দুই পরিবারের সমর্থনে তারা এখন আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের পথে এগিয়ে যাচ্ছেন।
নিজের পোস্টের শেষদিকে শেহতাজ বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করার আহ্বান জানিয়েছেন। জীবনের এই পরিবর্তন ও নতুন অধ্যায় নিজেদের মতো করে সামলে নেওয়ার জন্য সবার সহযোগিতা ও বোঝাপড়া কামনা করেন তিনি।
অন্যদিকে, প্রীতম হাসানও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ১০ বছরের পথচলার পর তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে।
একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও বিভিন্ন অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রীতম। পাশাপাশি জানিয়েছেন, সম্পর্কের ইতি ঘটলেও একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।
বিচ্ছেদের কারণ সম্পর্কেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রীতম। তাঁর ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন যে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
উল্লেখ্য, প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। শ্রীমঙ্গলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। দীর্ঘ সম্পর্ক ও দাম্পত্যজীবনের পর এবার পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন এই তারকা জুটি।












