সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি।
সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের প্রকৃত পরিস্থিতি জানতে মানুষ বিবিসি ও ভয়েস অব আমেরিকার সংবাদে নির্ভর করতেন। ওই সময় সাংবাদিকদের ওপর চাপ, গ্রেপ্তার ও হয়রানি চালানো হলেও তাঁরা সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছিলেন।
তিনি আরও বলেন, নানা প্রলোভন ও চাপের মুখেও সে সময়ের অনেক সাংবাদিক আদর্শ থেকে সরে আসেননি। তাঁদের সত্যনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত বর্তমান প্রজন্মের জন্যও অনুসরণীয়।
গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তিনি সাহসী সাংবাদিক হওয়ার পাশাপাশি তরুণদের প্রতি আন্তরিক ও স্নেহশীল ছিলেন। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।