ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তাঁর দাবি, কূটনৈতিক সমাধানের কথা বললেও ওয়াশিংটন নিজেদের শর্ত চাপিয়ে দিচ্ছে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে সামরিক হামলার অজুহাত হিসেবে ব্যবহার করছে।
সোমবার (২৬ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাঘাই। তিনি জানান, ২০১৫ সালে ইরান আন্তরিকতার সঙ্গে পরমাণু চুক্তিতে সই করলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায়।
বাঘাইয়ের অভিযোগ, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের বক্তব্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ভূমিকারও সমালোচনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাতারে হামলার শিকার একটি উড়োজাহাজের তিন ইরানি পাইলটের বিষয়েও কথা বলেন বাঘাই। তাঁদের পরিণতি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়ার দায়িত্ব কাতারের বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া কাতারের মধ্যস্থতা, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আলোচনা এবং ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ নিয়েও বক্তব্য দেন ইরানের এই মুখপাত্র। তিনি জানান, আঞ্চলিক উত্তেজনা ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।