ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার নতুন নাটক ‘ভালো আছো তো’ প্রকাশের মাত্র দুই দিনেই ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। জাকারিয়া সৌখিনের নির্মিত নাটকটি প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এর আগে একই নির্মাতার ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। নতুন নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। ইউটিউবের মন্তব্যের ঘরে প্রায় পাঁচ হাজার দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন, যাঁদের অধিকাংশই নাটকটির প্রশংসা করেছেন।
নির্মাণসংশ্লিষ্টদের মতে, চমকপ্রদ সূচনা, সাবলীল সংলাপ, আবেগের উপস্থাপন, সুন্দর দৃশ্যায়ন ও ব্যতিক্রমী সমাপ্তি নাটকটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
নাটকটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, নিজের মনের মতো কাজ করতে চেয়েছেন সব সময়। এই সাফল্য শুধু তাঁর একার নয়; প্রযোজক, শিল্পী, দর্শক ও পুরো দলের অবদান রয়েছে।
সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, দর্শকদের এই সাড়া ভবিষ্যতে মানসম্মত কনটেন্ট তৈরিতে অনুপ্রেরণা জোগাবে।
নাটকটিতে অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্ত। এর একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।