ইরানের রাজধানী তেহরানে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, বৈঠকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। পাকিস্তানের প্রস্তাব এবং ইরানের সম্মতিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রভাব এবং ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়।
আল অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে আলোচনাকে ‘খুবই ভালো’ বলে অভিহিত করেন মোহসেন রেজায়ি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেন, এ অঞ্চলে নতুন একটি পরিবেশ তৈরি হচ্ছে। আলোচনায় তিনি ইতিবাচক পরিস্থিতি অনুভব করেছেন।
সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি ঠেকাতে আলোচনার পথ খোলা রাখাই এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়াতে চার দেশ আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যেকোনো সমঝোতাকে সমর্থন করে ইরান। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতেও তেহরান প্রস্তুত।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চার দেশের এ বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে এ উদ্যোগের মাধ্যমে সামরিক উত্তেজনা কতটা কমানো সম্ভব হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।