বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের দীর্ঘ দাম্পত্য জীবনের শুরুটা সহজ ছিল না। প্রেমের সময় গৌরীর পোশাক ও চুলের ধরন নিয়ে শাহরুখের অতিরিক্ত অধিকারবোধ এবং বিধিনিষেধ একপর্যায়ে তাঁদের সম্পর্ককে বিচ্ছেদের মুখে ঠেলে দিয়েছিল।
প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক সিমি গারেওয়ালের ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজের অতীত আচরণের কথা স্বীকার করেছিলেন শাহরুখ। তিনি জানান, প্রেমের দিনগুলোতে গৌরীর প্রতি তাঁর অধিকারবোধ ছিল অতিরিক্ত।
শাহরুখের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন গৌরী। তাঁর পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে বিধিনিষেধ আরোপ করায় একপর্যায়ে সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সাক্ষাৎকারে গৌরী ওই আচরণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং শাহরুখকে জানিয়েছিলেন, এভাবে সম্পর্ক চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
গৌরীর কঠোর অবস্থানের পর নিজের ভুল উপলব্ধি করেন শাহরুখ। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্কের টানাপোড়েন কাটে এবং তাঁরা একসঙ্গে পথচলা অব্যাহত রাখেন।
শাহরুখ ও গৌরীর পরিচয় ১৯৮৪ সালে দিল্লিতে এক বন্ধুর পার্টিতে। দীর্ঘ প্রেমের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। বর্তমানে এই দম্পতির তিন সন্তান—আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।
দীর্ঘ দাম্পত্য জীবনের এই অভিজ্ঞতা তুলে ধরে তাঁদের সম্পর্কের শুরুর দিকের টানাপোড়েন আবারও আলোচনায় এসেছে।