তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠটি অবশেষে দীর্ঘদিনের অবৈধ দখল ও স্থাপনা থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।
উদ্ধারকৃত ১ একর ৪৪ শতক সরকারি জমির সুরক্ষায় ও পুনরায় দখল রোধে মাঠের চারপাশ ঘিরে এখন চলছে তারকাঁটার বেড়া নির্মাণ ও সার্বিক রক্ষণাবেক্ষণের কাজ।
সম্প্রতি মাঠটি দখলমুক্ত করার পর সেখানে চলমান বেড়া নির্মাণ ও মাঠের সুরক্ষামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এবং বীরগঞ্জ পৌরসভা, স্থানীয় ভূমি অফিস ও ফায়ার সার্ভিস কর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুলিশ প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘাত ছাড়াই পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মাঠের সীমানা সুনির্দিষ্ট করে সরকারি এই মূল্যবান সম্পদ জনসাধারণের স্বার্থে সুরক্ষার জন্য এই তারকাঁটার বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঐতিহ্যবাহী এই মাঠটি দখলমুক্ত হওয়ায় এবং প্রশাসনের তাৎক্ষণিক সুরক্ষামূলক পদক্ষেপে স্থানীয় এলাকাবাসী ও সুধীসমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।