গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে মৌচাক এলাকায় শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া বিক্ষোভের জেরে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।
পরে শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাতে লাঠি নিয়ে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকালে এসেনশিয়াল গার্মেন্টসে আন্দোলন শুরু হয়। পরে আশপাশের ১৪ থেকে ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন।