দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টা থেকে। অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে।
টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। অন্যদিকে, করপোরেট বক্সের টিকিটের দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ডে পাস কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। তবে ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে বাফুফে ভবনে সাফের কর্মকর্তাদের সমন্বয় সভায় টিকিটের দাম, বিক্রির সময় ও পদ্ধতি চূড়ান্ত করা হয়।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিট ১ হাজার, ক্লাব হাউস ৪ হাজার, ভিআইপি গ্যালারি ৭ হাজার, এসি বক্স ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা।
এদিকে, টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া টিকিফাইকে ঘিরে আগের অভিজ্ঞতার কারণে দর্শকদের মধ্যে উদ্বেগও রয়েছে। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছিল। অনেক দর্শক টিকিট কিনতে পারেননি। আবার টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ ওঠে।
ওই সময় বাফুফে ও টিকিফাই সাইবার হামলার কথা জানিয়েছিল। এবার সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রিতে যাতে একই ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে।
বাংলাদেশের মাটিতে দীর্ঘ বিরতির পর সাফ ফুটবল আয়োজন ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টিকিট বিক্রি নির্বিঘ্নে সম্পন্ন করা এখন আয়োজকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।