মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বরং স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ, ত্যাগ, ঐতিহ্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের অবদানের প্রতীক হিসেবে বিশ্বের মানুষের জন্যও অনুপ্রেরণার উৎস।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে-মানুষে যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী ও বহুমাত্রিক হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিঠিতে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন তিনি।