দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের পাশাপাশি পশুপাখির প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তারা বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার পাশাপাশি আশ্রয়হীন ও খাদ্যসংকটে থাকা প্রাণীদের দিকেও নজর দেওয়ার অনুরোধ জানান।
নিলয় আলমগীর বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি শহর ও আশপাশের এলাকায় বারবার বন্যা ও জলাবদ্ধতার কারণ খুঁজে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। তিনি লেখেন, “শুধু মানুষ নয়, অসহায় পশুপাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার।”
অন্যদিকে হিমি বলেন, বন্যার সময় প্রাণীরাও ক্ষুধা, তৃষ্ণা ও আশ্রয়হীনতার কষ্টে ভোগে। তাই সামর্থ্য অনুযায়ী তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। হিমির ভাষায়, “মানুষের প্রতি মানবতা, আর সকল প্রাণীর প্রতি মমত্ববোধ—এই দুইটিই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।”