দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ ১৩ মিনিটে তিন গোল করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে রোমাঞ্চকর জয়।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে মিশর। ১৪তম মিনিটে কর্নার থেকে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি। চার মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি ছিল তার চতুর্থ পেনাল্টি মিস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৬৬তম মিনিটে জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। তখন অনেকটাই বিদায়ের শঙ্কায় পড়ে যায় স্কালোনির দল।
তবে ম্যাচের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। ৭৮তম মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে রোমেরো হেডে ব্যবধান কমান। এরপর ৮৪তম মিনিটে নিজেই গোল করে ২-২ সমতা ফেরান মেসি। চলতি বিশ্বকাপে এটি ছিল তার অষ্টম এবং বিশ্বকাপ ইতিহাসে ২১তম গোল।
ইনজুরি সময়ে দ্রুত পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজের ক্রসে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এই নাটকীয় জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল লিওনেল মেসির দল।