বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের তিন কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা দীর্ঘদিন পর শিকড়ের টানে ছুটে গেলেন তাঁদের পূর্বপুরুষের ভিটা যশোরে। পারিবারিক স্মৃতি, শৈশবের গল্প এবং নতুন প্রজন্মকে পারিবারিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ সফরের আয়োজন করা হয়।
গত ২০ জুন শুরু হওয়া এ সফরে তাঁদের সঙ্গে ছিলেন ভাই অবসরপ্রাপ্ত পাইলট ইকবাল ইসলাম এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সাতটি গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে যশোরে পৌঁছে তাঁরা দাদা ও নানার বাড়িতে সময় কাটান। ২২ জুন গভীর রাতে ঢাকায় ফেরেন সবাই।
অভিনেত্রী সুচন্দা জানান, ছোটবেলা থেকেই তাঁদের সন্তানরা পূর্বপুরুষদের বাড়ির নানা গল্প শুনে বড় হয়েছে। এবার বাস্তবে সেই জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ হয়েছে তাদের। তাঁর মেয়ে লিসা মালিকও এই সফরকে জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
যশোর সফরে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে দেখেন সুচন্দা। শৈশবের স্মৃতিবিজড়িত সেই পরিবেশে ফিরে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
তিন বোনের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁদের একনজর দেখতে ভিড় করেন। অনেকে শুভেচ্ছা জানান, স্মৃতিচারণ করেন এবং ছবি তুলে ভালোবাসা প্রকাশ করেন। স্থানীয় মানুষের আন্তরিক অভ্যর্থনায় মুগ্ধ হয়েছেন তিন অভিনেত্রী।
ববিতা ও চম্পাও জানান, পরিবারের নতুন প্রজন্মকে নিয়ে শিকড়ের কাছে ফিরে যাওয়ার অভিজ্ঞতা ছিল অত্যন্ত আনন্দের। তাঁদের মতে, অতীতের স্মৃতি ভাগাভাগি করা এবং পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত।