স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরের প্রথমার্ধ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রাথমিক রোডম্যাপ অনুযায়ী চলতি জুলাই মাসের শেষ দিকে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে। এসব রোডম্যাপ চলতি জুলাই মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এরপর অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় দেশকে হাওর অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উপকূলীয় এলাকা, নদীবেষ্টিত অঞ্চল এবং সমতলভূমিসহ বিভিন্ন ভাগে বিভক্ত করে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে কি না—এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ছিল। তবে সরকার শুরু থেকেই জানিয়ে এসেছে যে, চলতি বছরের মধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন একদিনে সম্পন্ন হয় না। নির্বাচন শুরু হওয়ার পর ধাপে ধাপে সব নির্বাচন শেষ করতে সাধারণত ১০ থেকে ১২ মাস সময় লাগে। সে অনুযায়ী অক্টোবরে নির্বাচন শুরু হলে ২০২৭ সালের অক্টোবর নাগাদ পুরো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হতে পারে।
সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রস্তুতি অব্যাহত রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।