দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য তিনি আর্থিক সহায়তা দিয়েছেন। বিষয়টি সামনে আসে মোহাম্মদ ইমন নামে এক স্বেচ্ছাসেবকের মাধ্যমে, যিনি বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
জানা গেছে, তৌসিফ নিজ উদ্যোগে যোগাযোগ করে ত্রাণ কার্যক্রমে অনুদান দেন। স্বেচ্ছাসেবকদের একটি দল চট্টগ্রামের বাঁশখালী এলাকায় প্রায় এক হাজার মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছে।
এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তৌসিফ মাহবুব লিখেছেন, “মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।”