দীর্ঘ সাত বছরের বিরতির পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ধামাল ৪’। গত ১০ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটি চিত্রনাট্য ও ভিএফএক্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শক উপস্থিতিতে কোনো ঘাটতি দেখা যায়নি।
বক্স অফিস বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ভারতজুড়ে ১০ হাজার ৯৫৪টি শো থেকে সিনেমাটি নেট ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। ফলে প্রথম দুই দিনে ভারতে এর মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি এবং গ্রস আয় হয়েছে ৪৩ কোটি ৮০ লাখ রুপি।
ভারতের বাইরেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও প্রায় ৫ কোটি রুপি আয় করেছে ‘ধামাল ৪’। এতে প্রথম দুই দিনে বিদেশি বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।
সব মিলিয়ে মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস বক্স অফিস সংগ্রহ পৌঁছেছে ৫৩ কোটি ৮০ লাখ রুপিতে, যা নির্মাতাদের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধামাল’ সিনেমার মাধ্যমে শুরু হয় এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। পরে ২০১১ সালে ‘ডাবল ধামাল’ এবং ২০১৯ সালে ‘টোটাল ধামাল’ মুক্তি পায়। এবার চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ পরিচালনা করেছেন ইন্দ্র কুমার।
সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, অঞ্জলি আনন্দ, সঞ্জীদা শেখ ও এষা গুপ্তা।
গল্পে একদল লোভী ও উদ্ভট চরিত্রকে দেখা যায় একটি দুর্গম দ্বীপে লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধানে নামতে। সেখানে একদল অপটু জলদস্যুর মুখোমুখি হয়ে নানা হাস্যকর ও রোমাঞ্চকর ঘটনার জন্ম দেয় তারা। দর্শকদের কাছে এই অ্যাডভেঞ্চার-কমেডিই সিনেমাটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।