টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস এবং টানা ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় পর্যটনকেন্দ্র, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।