বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি জেলার তদারকিতে একজন করে জ্যেষ্ঠ চিকিৎসক নিয়োজিত রয়েছেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায় থেকে অতিরিক্ত মেডিকেল টিম পাঠানো হবে।
তিনি বলেন, বন্যার কারণে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য পর্যাপ্ত ওষুধ, ওআরএস, স্যালাইন, অ্যান্টিভেনম এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে এক হাজারের বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে, জেলা পর্যায়ে রয়েছে ২১ হাজার ভায়াল এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে। পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।