শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় সোয়া এক ঘণ্টা সড়ক অবরোধের পর বিকেল ৫টা ২০ মিনিটে তারা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে রওনা হন।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা, ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দিতে না পারা সব শিক্ষার্থীর জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র নিশ্চিত করা।
এর আগে সকালে সায়েন্সল্যাব মোড় অবরোধের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা পলাশী হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে বোর্ডের ফটকে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে শিক্ষার্থীরা আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে এবং যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেখানে প্রয়োজনে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।
রাজধানীর পাশাপাশি উত্তরা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া ও দেশের আরও কয়েকটি জেলায়ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।