শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নির্ধারিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল। আগামী ৯ জুলাই থেকে শুরু হচ্ছে শেষ আটের লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে হাইভোল্টেজ।
শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। শেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
অন্যদিকে নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তিন স্বাগতিক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে। পাশাপাশি ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিশর ও কলম্বিয়ারও বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে শেষ ষোলোর লড়াইয়ে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুলাই রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে। সেখানে আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মরক্কোর মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে ১০ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে। ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে।
তৃতীয় ম্যাচে ১১ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে ও ইংল্যান্ড। দুই দলের আক্রমণভাগের শক্তির কারণে ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
শেষ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে পারে এটি।
কোয়ার্টার ফাইনাল সূচি
- ৯ জুলাই | রাত ২:০০ — ফ্রান্স 🆚 মরক্কো (বোস্টন)
- ১০ জুলাই | রাত ১:০০ — স্পেন 🆚 বেলজিয়াম (লস অ্যাঞ্জেলস)
- ১১ জুলাই | রাত ৩:০০ — নরওয়ে 🆚 ইংল্যান্ড (মায়ামি)
- ১২ জুলাই | সকাল ৭:০০ — আর্জেন্টিনা 🆚 সুইজারল্যান্ড (কানসাস সিটি)
চারটি ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে এবং বিশ্বকাপ শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে যাবে।