প্রায় দুই দশক পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই স্থানে সুরের মূর্ছনায় দর্শকদের মাতাবেন কলম্বিয়ান এই শিল্পী। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে পারফর্ম করেছিলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনোদন প্রতিষ্ঠান ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের মধ্যপ্রাচ্যে কনসার্ট আয়োজন করেছে।
বর্তমানে নতুন অ্যালবাম ও ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ বিশ্বভ্রমণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। তিন দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন তিনি। পাশাপাশি অর্জন করেছেন একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার।
সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে। গিজার পিরামিডে ফের পারফর্ম করতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই পপ তারকা।
এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবার পারফর্ম করতে পেরে আমি খুবই আনন্দিত। আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি।’
দীর্ঘ বিরতির পর শাকিরার এই প্রত্যাবর্তন ঘিরে মিশরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।