চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সরকারের দুর্যোগ মোকাবিলা নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, তবে এখন দোষারোপের চেয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রোববার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই। মূল বিষয় হলো মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এই সংকট মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি অভিযোগ করেন, তিস্তা মহাপরিকল্পনা, বন্যা প্রতিরোধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংসদে বারবার আলোচনা হলেও বাস্তবে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেবে।
আনোয়ারার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেহাল অবস্থার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, কয়েকশ পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা ছিল না। ক্ষতিগ্রস্তদের অনেকেই প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও পাননি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ সংস্কারের অভাব এবং অতীতের অনিয়মের কারণেই প্রতি বছর কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চলতি বাজেটে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, আনোয়ারার পাশাপাশি বাঁশখালীসহ দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও দলের পক্ষ থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।