বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটিই আমাদের প্রত্যাশা। বন্যা-বৃষ্টির কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা পুষিয়ে দেওয়া হবে। পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুলের অভিযোগের বিষয়ে তিনি জানান, ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন।
এর আগে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে সায়েন্স ল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং প্রশ্নপত্রের ত্রুটি নিয়ে আন্দোলন করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল এবং অভিন্ন প্রশ্নপত্র আগের বছরের তুলনায় বেশি কঠিন হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং বোর্ডের প্রধান ফটকে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।